দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এর মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার জিতেছে সিনেমাটি।
‘রইদ’-এ সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছেন নাজিফা তুষি। সিনেমাটির এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ পুরো টিম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের আনন্দের খবর ভাগ করে নিয়েছেন তাঁরা।
মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্য উৎসবটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠছে। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল।

আন্তর্জাতিক অঙ্গনে এর আগেও প্রশংসিত হয়েছে ‘রইদ’। নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল সিনেমাটি। এ ছাড়া অংশ নিয়েছে আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে।
এ বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে ‘রইদ’। এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমাটি।
গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে। কানাডার উৎসবে একসঙ্গে তিনটি পুরস্কার অর্জন ‘রইদ’-এর আন্তর্জাতিক যাত্রায় যোগ করেছে নতুন সাফল্য।
এমএম/